
ফাইল ছবি
দেশের ৯টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও প্রবল আশঙ্কা রয়েছে।
আজ শনিবার (২৩ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক জরুরি আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ের আশঙ্কায় এই ৯টি অঞ্চলের ওপর দিয়ে চলাচলকারী সব ধরনের নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আকস্মিক এই বৈরী আবহাওয়ার কারণে নদীপথে যাতায়াতকারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।