
এক দিনে ৩ কোটি টাকার টোল আদায়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ির ফিরতে শুরু করেছে রাজধানীতে থাকা দেশের উত্তরবঙ্গের কর্মজীবী মানুষেরা। ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই ঈদযাত্রার প্রভাবে বঙ্গবন্ধু যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করেছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত একদিনেই এই সেতু দিয়ে রেকর্ড ৩৪ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে সোয়া তিন কোটি টাকারও বেশি। শনিবার সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে এবং এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ সূত্রের বিস্তারিত হিসাব থেকে জানা যায়, যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা অর্থাৎ উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে, পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায়ের পরিমাণ ছিল ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই যাতায়াতের বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুতে সাধারণত নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়ে থাকে। তবে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের বাড়তি চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায় সম্পন্ন করে যানজটমুক্ত রাখার লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত আরও ৪টি বুথসহ মোট ১৮টি বুথ সচল করা হচ্ছে। এর ফলে উত্তরবঙ্গের যাত্রীদের মহাসড়কে ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।