
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা রাজধানীর মিরপুরের শিশু রামিসা হত্যা মামলার মূল আসামি সোহেল রানাকে দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে কঠোর সাজার আওতায় আনতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন, শুধু দ্রুত বিচার নিশ্চিত করাই নয়, বরং ক্রমবর্ধমান জনমতের ওপর ভিত্তি করে ধর্ষণের মতো জঘন্য সামাজিক অপরাধ সমাজ থেকে একেবারে নির্মূল করার লক্ষ্যে আরও কঠোর ও কার্যকরী আইন প্রণয়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি পাড়া-মহল্লায় গড়ে ওঠা বেসরকারি স্কুল ও কলেজগুলো যাতে পুরোপুরি সরকারি নীতিমালার অধীনে পরিচালিত হয়, সে বিষয়ে সরকারের নজরদারি ও জবাবদিহিতা আরও বহুগুণ বাড়ানো হবে বলেও তিনি সবাইকে নিশ্চিত করেন।
অনুষ্ঠান শেষে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন তথ্যমন্ত্রী।