
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশালের নজরুল মঞ্চে ‘তবু আমারে দেব না ভুলিতে’ শীর্ষক বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন তিনি। তিন দিনব্যাপী জাতীয় এই অনুষ্ঠানমালায় কবির জীবন, সাহিত্য, সংগীত ও দর্শনকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল স্মরণিকা’র মোড়ক উন্মোচন করেন। একইসঙ্গে নজরুল গবেষণা ও কবির জীবন-দর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই গুণীজনের হাতে ‘নজরুল পদক’ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় কবির নাতনি খিলখিল কাজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এছাড়া রাজনৈতিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। জাতীয় পর্যায়ে আয়োজিত এ উৎসবে আলোচনা সভা, আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।