ঈদে থাকবে ভ্যাপসা গরম, কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
প্রকাশিত - শনিবার, ২৩ মে ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহায় দেশের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের আগে ও পরে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা—নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জেও ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা বেশি।
এসব এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি দমকা হাওয়া, বজ্রপাত ও অস্থায়ী ঝড়ো আবহাওয়া দেখা যেতে পারে।
এছাড়া কুমিল্লা, নোয়াখালী ও ফেনীসহ উত্তর চট্টগ্রামের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা মহানগর এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও গরম ও আর্দ্রতা বেশি থাকবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, খুলনা বিভাগ এবং রাজশাহীর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে রাজশাহী, পাবনা ও ঈশ্বরদী অঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।
তবে তাপপ্রবাহ না থাকলেও দেশের প্রায় সব জায়গাতেই ভ্যাপসা গরম থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগ পর্যন্ত জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এই অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল হয়ে দেশে প্রবেশ করতে পারে। এরপর ধীরে ধীরে বর্ষার বৃষ্টিও বাড়বে।