
বন্ড বিশেষজ্ঞদের মতে, নতুন ০০৭-এর মধ্যে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ গুণ থাকা আবশ্যক
চাঁদে পা রেখেছেন ১২ জন মানুষ। আর বড় পর্দায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন তারও অর্ধেক। মাত্র ছয়জন অভিনেতা। সেই বিশেষ ক্লাবে খুব শিগগিরই যুক্ত হতে যাচ্ছেন নতুন একজন সদস্য।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর গত সপ্তাহে অ্যামাজন-এমজিএম স্টুডিওস ঘোষণা দিয়েছে, নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অ্যামাজন ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিচালক দনি ভিলনভ এবং চিত্রনাট্যকার স্টিভেন নাইটকে যুক্ত করেছে। এখন অভিজ্ঞ কাস্টিং পরিচালক নিনা গোল্ডের দায়িত্ব উপযুক্ত অভিনেতা খুঁজে বের করা, যিনি পর্দায় ধারণ করবেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত গুপ্তচরের চরিত্র।
বন্ড বিশেষজ্ঞদের মতে, নতুন ০০৭-এর মধ্যে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ গুণ থাকা আবশ্যক।
১. ব্রিটিশ হতে হবে, অন্তত কিছুটা হলেও
জেমস বন্ড ব্রিটিশ সংস্কৃতির অন্যতম পরিচিত প্রতীক। তাই চরিত্রটির ব্রিটিশ পরিচয় বদলে যাওয়ার সম্ভাবনা খুব কম। অতীতে অস্ট্রেলিয়ার জর্জ লাজেনবি ও আয়ারল্যান্ডের পিয়ার্স ব্রসনান বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন। ফলে যুক্তরাজ্যের বাইরে জন্ম নেওয়া অভিনেতাদের জন্যও দরজা পুরোপুরি বন্ধ নয়। এ কারণেই অস্ট্রেলিয়ান অভিনেতা জ্যাকব এলোরদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রাখা হচ্ছে।
তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতে, একজন আমেরিকান অভিনেতাকে বন্ড হিসেবে কল্পনা করা কঠিন। হলিউড তারকা অস্টিন বাটলার নিজেও এমন ধারণাকে পবিত্র ঐতিহ্যের বিরুদ্ধে বলে উল্লেখ করেছেন।
বন্ড চলচ্চিত্রের চিত্রনাট্যকার ব্রুস ফার্স্টেইনের ভাষায়, বিশ্বজুড়ে বন্ড এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো তিনি আমেরিকান নন।
২. হতে হবে তুলনামূলক তরুণ
আগের বন্ড অভিনেতাদের বয়স সাধারণত ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে ছিল। তবে এবার আরও কম বয়সী কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
বিশেষজ্ঞ ম্যাথিউ ফিল্ডের মতে, অ্যামাজন নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে চাইবে। তাই ৩০ বছরের নিচের কাউকে বেছে নেওয়া হতে পারে। কারণ, জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা শুধু একটি চলচ্চিত্রে কাজ করার বিষয় নয়। এটি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। একজন অভিনেতাকে বহু বছর ধরে ফ্র্যাঞ্চাইজির মুখ হয়ে থাকতে হয়।
এই কারণে ইদ্রিস এলবা, টম হিডলস্টন কিংবা টম হার্ডির মতো চল্লিশোর্ধ্ব তারকাদের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
৩. অতিরিক্ত জনপ্রিয় তারকা হওয়া যাবে না
জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির দীর্ঘদিনের নীতি হলো—তারকার চেয়ে চরিত্রটি বড়। প্রযোজক আলবার্ট ‘কাবি’ ব্রকোলির বিশ্বাস ছিল, দর্শকদের কাছে জেমস বন্ডই আসল আকর্ষণ হওয়া উচিত, অভিনেতা নয়।
তাই নতুন বন্ড হিসেবে এমন কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি, যিনি দক্ষ হলেও এখনো সুপারস্টার হয়ে ওঠেননি। এ কারণেই হেনরি ক্যাভিল, টম হল্যান্ড কিংবা রবার্ট প্যাটিনসনের মতো অত্যন্ত পরিচিত মুখদের সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সাম্প্রতিক অডিশনে উঠে আসা নতুন নামগুলোর মধ্যে রয়েছেন ২৪ বছর বয়সী মঞ্চ অভিনেতা টম ফ্রান্সিস, যিনি হতে পারেন একেবারেই অপ্রত্যাশিত পছন্দ।
৪. রসবোধ ও আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকতে হবে
ড্যানিয়েল ক্রেগের সময়ে জেমস বন্ডকে তুলনামূলক গম্ভীর ও আবেগপ্রবণভাবে উপস্থাপন করা হয়েছিল। এখন অনেকের ধারণা, চরিত্রটিকে আবারও কিছুটা হালকা ও রসিক রূপে ফিরিয়ে আনা হতে পারে।
ব্রুস ফার্স্টেইনের মতে, ক্রেগের বন্ড ছিল ৯/১১-পরবর্তী বিশ্বের জন্য উপযুক্ত। কিন্তু নতুন বন্ড সম্ভবত আগের যুগের মতো কিছুটা আকর্ষণ, হাস্যরস ও বুদ্ধিদীপ্ততা ফিরিয়ে আনবে।
এই ক্ষেত্রে অ্যারন টেলর-জনসনকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ক্যালাম টার্নারও তার হাস্যরসাত্মক অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন।
৫. একই সঙ্গে আকর্ষণীয় ও নির্মম হতে হবে
জেমস বন্ডের ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো তার ভদ্র, মার্জিত চেহারার আড়ালে লুকিয়ে থাকা নির্মমতা। চরিত্রটি একজন লাইসেন্সপ্রাপ্ত গুপ্তঘাতক। ফলে দর্শকদের বিশ্বাস করতে হবে যে প্রয়োজনে তিনি নির্দ্বিধায় প্রাণঘাতী হতে পারেন।
সাবেক কাস্টিং পরিচালক ডেবি ম্যাকউইলিয়ামসের ভাষায়, যদি দর্শক বিশ্বাস না করে যে তিনি হত্যা করতে সক্ষম, তাহলে পুরো খেলাই শেষ।
এই কারণে শুধু সুদর্শন হওয়া যথেষ্ট নয়; আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা এবং বিপজ্জনক উপস্থিতিও থাকতে হবে।
অ্যারন টেলর-জনসনের পাশাপাশি অ্যারন পিয়েরের নামও আলোচনায় রয়েছে। ব্রাজিলিয়ান জিউ-জিৎসুতে প্রশিক্ষণপ্রাপ্ত এই অভিনেতা অ্যাকশন চরিত্রে নিজের দক্ষতা ইতোমধ্যে প্রমাণ করেছেন।
সবচেয়ে বড় প্রশ্ন: আজকের পৃথিবীতে বন্ডের প্রয়োজন কী?
বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন অভিনেতা নির্বাচন করলেই হবে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক বিশ্বের বাস্তবতায় জেমস বন্ডকে কীভাবে প্রাসঙ্গিক করে তোলা যায়।
ডিজিটাল যুগে, যেখানে ব্যক্তিগত গোপনীয়তা ক্রমশ কমে যাচ্ছে এবং প্রতিটি কাজের অনলাইন ছাপ থেকে যাচ্ছে, সেখানে একজন গুপ্তচরের ভূমিকা কী হবে—এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে নির্মাতাদের।
ব্রুস ফার্স্টেইনের মতে, সবার আগে উত্তর দিতে হবে একটি প্রশ্নের—কেন জেমস বন্ড? বর্তমান বিশ্বের জন্য এই চরিত্রের গুরুত্ব কী? সেখান থেকেই নতুন অধ্যায়ের সূচনা হওয়া উচিত।”
অর্থাৎ, নতুন ০০৭ শুধু একজন অভিনেতা হবেন না; তাকে এমন এক আধুনিক জেমস বন্ড হতে হবে, যিনি ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবেন।