রবিবার । মে ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ মে ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
শেয়ার

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন নিহত


FBI-US

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে একটি নিরাপত্তা চৌকিতে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারী নিরাপত্তা চেকপয়েন্ট লক্ষ্য করে গুলি চালালে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। এ ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ভেতরেই ছিলেন। তবে তিনি নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। খবর আল জাজিরার।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলের নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে আসে সন্দেহভাজন ব্যক্তি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাগে লুকিয়ে আনা অস্ত্র বের করে সে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হয়। পরে তাকে জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুরো হোয়াইট হাউজ এলাকায় জরুরি লকডাউন জারি করা হয়।

আল জাজিরার প্রতিবেদক জানান, ঘটনাস্থলের আশপাশে অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ সময় সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ন্যাশনাল গার্ড পুরো এলাকা ঘিরে ফেলে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনার তদন্তে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে তাদের সংস্থা। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই হোয়াইট হাউজ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সেই নির্দেশ অমান্য করেই তিনি সেখানে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।