
ফ্রান্সের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে গিয়ে হোটেল কক্ষে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ‘মিস ভেনেজুয়েলা ২০২৫’ খেতাবজয়ী আন্দ্রেয়া দেল ভ্যাল। এ ঘটনায় নিজের সেলিব্রিটি স্টাইলিস্ট জিওভান্নি লাগুনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্দ্রেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তার মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা যায়। ভিডিওতে তাকে ভেঙে পড়া অবস্থায় স্টাইলিস্ট জিওভান্নি লাগুনাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “দেখো, সে আমার সঙ্গে কী করেছে।” একই সঙ্গে হোটেল কক্ষটিও সম্পূর্ণ এলোমেলো অবস্থায় দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, হোটেলের অন্য অতিথিরা কক্ষ থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে পুলিশে খবর দেন। পরে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ জিওভান্নি লাগুনাকে হোটেল থেকে আটক করে নিয়ে যাচ্ছে।
জানা গেছে, ৩৩ বছর বয়সী লাগুনা লাতিন আমেরিকার ফ্যাশন ও সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে পরিচিত মুখ। ২০২৩ সাল থেকে তিনি ‘মিস ইউনিভার্স কলম্বিয়া’র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম। সবচেয়ে কাঙ্ক্ষিত ‘পালম দ’র’ বা স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।