
এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি।
রোববারের (২৪ মে) এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, রেললাইনের পাশের কয়েকটি বাড়ি ও ভবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যায় এবং আগুন ধরে যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে পুড়ে যাওয়া গাড়ি ও ট্রেনের বগি পাশ ফিরে পড়ে আছে। সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তানে চীনের অবকাঠামো প্রকল্পের বিরোধিতার কারণে চীনা কর্মীরাও হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পের আওতায় চীনের শিনজিয়াং অঞ্চলকে পাকিস্তানের গওয়াদর বন্দরের সঙ্গে যুক্ত করা হয়েছে।
হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা পাকিস্তানের জনগণের মনোবল ভাঙতে পারবে না। সব ধরনের সন্ত্রাস নির্মূলে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’