
দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ। রোববার (২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশে পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান এবং ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিআরপি বাংলাদেশের অন্যতম বৃহৎ পুনর্বাসনভিত্তিক প্রতিষ্ঠান। ১৯৭৯ সালে ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ড. ভ্যালেরি অ্যান টেইলরের উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সাভারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটি পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানসহ নানা ধরনের সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার সমাজে অন্তর্ভুক্ত করতে কাজ করছে সিআরপি।
সাক্ষাৎ শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে সরকার ও সিআরপি’র মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।










































