
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
আধুনিক যুগে সুনির্দিষ্ট ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই একজন ব্যক্তির একান্ত ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (২৪ মে) সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, সঠিক উপাত্ত ছাড়া যেকোনো জনসংযোগ বা প্রচার কৌশল সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে পড়ে। তাই জনসংযোগ কর্মকর্তাদের যেকোনো সরকারি বার্তা বা কন্টেন্ট তৈরিতে সবসময় সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর শতভাগ নির্ভর করতে হবে। বর্তমান যুগকে নিখুঁত ডেটার যুগ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে কী কাজ হচ্ছে বা সরকারের বার্তা জনগণের কাছে কীভাবে পৌঁছাচ্ছে, তা কেবল মুখের কথায় বা ধারণার ওপর ভিত্তি করে নিরূপণ করা অসম্ভব।
তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে, অন্যথায় সমাজ একে কেবল ব্যক্তির মতামত হিসেবেই দেখবে, যার কোনো প্রাতিষ্ঠানিক বা বস্তুনিষ্ঠ মূল্য থাকবে না।
অনুষ্ঠানে জনসংযোগের আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের কন্টেন্ট বিশ্লেষণ করে সুনির্দিষ্ট উপাত্ত বের করা অত্যন্ত সহজ। একটি তথ্য বা সংবাদে মানুষের প্রতিক্রিয়া কেমন হচ্ছে, কয়টি লাইক, ডিসলাইক বা কী ধরনের মন্তব্য আসছে—সেই ডেটা নিখুঁতভাবে বিশ্লেষণ করে জনমতের আসল গ্রাফ তৈরি করা যায়। আর এই বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়েই জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা সফলভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
তথ্য ক্যাডারের কর্মকর্তাদের নিজেদের দক্ষ ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের উন্নয়ন ও সাফল্যকে উপাত্ত বা পরিসংখ্যানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারলে তথ্যের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বেড়ে যায়, যা সব ধরনের বিভ্রান্তি দূর করে জনমনে সঠিক পারসেপশন তৈরি করতে সক্ষম।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।