রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ মে ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
শেয়ার

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩


Bandarban-District

বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখ্যা পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৪২ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় গেলে সেখানে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের চলাচলেও সতর্কতা বাড়ানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকায় অতীতেও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সীমান্তে সংঘাত ও অনিরাপত্তার কারণে স্থানীয় বাসিন্দাদের মাঝে দীর্ঘদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে।