
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের এলিট ফোর্স ‘ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস’ বা আইআরজিসির সাথে সম্পর্কের অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় অপরাধে শরিক থাকার দায়ে আরও দুইজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
বাহরাইন কর্তৃপক্ষের দাবি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে বড় ধরনের ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার উদ্দেশ্যে ইরানের আইআরজিসির কর্মকর্তাদের সাথে সরাসরি সহযোগিতা ও যোগাযোগ রক্ষা করছিলেন।
আদালতের রায়ে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অতি-সংবেদনশীল সরকারি ও সামরিক স্থাপনার গোপন তথ্য সংগ্রহের কাজে লিপ্ত ছিলেন। পাশাপাশি এসব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অবৈধ অর্থ লেনদেন ও আর্থিক সহায়তা জোগানোর ক্ষেত্রেও তারা প্রধান ভূমিকা পালন করেন। তবে দণ্ডপ্রাপ্তদের জাতীয়তা, পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে পরিচালিত তদন্তের বিস্তারিত কোনো তথ্য নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেনি বাহরাইন প্রশাসন।
উল্লেখ্য, বাহরাইন দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে উসকানি ও হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। বিশেষ করে ২০১১ সালের আরব বসন্তের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন চলছে।
বাহরাইনের দাবি, ইরান সে দেশের শিয়া সমাজকে ব্যবহার করে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়; যদিও তেহরান বরাবরই বাহরাইনের এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে আসছে। এই দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যেই বাহরাইনের আদালতের এই কঠোর রায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
সূত্র: আল জাজিরা