রবিবার । মে ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ মে ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার

মধ্যপ্রাচ্য ইস্যুতে কয়েক ঘণ্টার মধ্যেই সুখবর আসতে পারে: মার্কো রুবিও


mark-rubioo

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তির ঘোষণা রোববারের মধ্যেই আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসী সুখবর পেতে পারে এবং এই চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তা বাস্তবায়নের পথে এগোবে।

রুবিওর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ও সামরিক শক্তিকে দুর্বল করা। তিনি দাবি করেন, তেহরানের নৌ সক্ষমতা ধ্বংস, দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করা এবং প্রতিরক্ষা শিল্পের ভিত্তি ভেঙে দেওয়ার মতো লক্ষ্য অর্জিত হয়েছে।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসতে পারে। ট্রাম্পও তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র, ইরান ও আরও কয়েকটি দেশের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতা হয়েছে, যা এখন আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পপন্থী সিনেটর টেড ক্রুজ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চুক্তিটির সমালোচনা করেছেন। তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেল বিক্রিতে ছাড় দেওয়ার যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করে সতর্ক করেছেন, এর পরিণতি ভয়াবহ হতে পারে।

সূত্র: এএফপি