রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

‘কোরবানি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে’


Jamat-Amir

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোরবানির শিক্ষা সমাজে বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রাণিত করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হজরত ইব্রাহিম (আ.) হজরত হাজেরা ও হজরত ইসমাইল (আ.)–এর ত্যাগের স্মৃতিবিজড়িত ঈদুল আজহা মানুষের মাঝে আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

ডা. শফিকুর রহমান দাবি করেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি বিদায় নিলেও এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ তৈরি হয়নি। তার ভাষায়, দেশ-বিদেশে অবস্থান করে কিছু শক্তি নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এসব অপচেষ্টা মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যেতে হবে। কোরবানির আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল ও প্রিয় বস্তু উৎসর্গ করার মানসিকতা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবনের জন্য দোয়া কামনা করেন এবং নিজের ও দলের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।