রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৪ মে ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার

ঈদের আগে পশুর হাটসংলগ্ন ব্যাংক রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে


BD Bank

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্ধের মধ্যেও দেশের কয়েকটি সিটি কর্পোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, রংপুর, খুলনা এবং রাজশাহীর পশুর হাটসংলগ্ন নির্ধারিত ব্যাংক শাখাগুলো আজ থেকে ঈদের আগের দিন বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে ১০টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ১১টি পশুর হাটে বিশেষ ব্যাংকিং সেবা দেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা হাট, রংপুরের লালবাগ সদর, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোতেও বিশেষ লেনদেন সুবিধা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম হয় এবং প্রচুর নগদ লেনদেন সম্পন্ন হয়। তাই নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে ব্যাংক শাখা, উপশাখা এবং অস্থায়ী বুথ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঈদের আগে আজ স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট কিছু শাখা ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন এবং বিকেল ৩টা পর্যন্ত শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।