
মো. খুরশীদ আলম।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। রোববার চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবাইদুর রহমানের পদত্যাগের পরই এ নিয়োগ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে নতুন চেয়ারম্যান নিয়োগের তথ্য জানানো হয়েছে।
খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তবে একই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।
এর আগে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান। গত বছরের ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তাকে চেয়ারম্যান করা হয়েছিল।
এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল।
সভাকে ঘিরে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করতে পারেন বলে আলোচনা চলছিল। গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩১ মে।
রোববার তিনি প্রধান কার্যালয়ে এলেও আন্দোলনকারীরা তাকে ভবনে প্রবেশ করতে দেননি। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।