
ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্বপ্রান্তে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যাওয়ার ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়িই নওগাঁয়। বাকি দুজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। আজ সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও অন্তত ১০ জন। নিহতরা সবাই নিম্নআয়ের শ্রমিক এবং তারা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
নওগাঁর মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়িই মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র পর্যন্ত এলাকায়। একই এলাকার এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যুর খবর পৌঁছানোর পর পুরো নওগাঁয় এখন শোকের মাতম চলছে। অন্যদিকে নিহত বাকি দুজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায় বলে পুলিশ নিশ্চিত করেছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান ঘটনার বিবরণ দিয়ে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ওই ট্রাকটি বেশ কিছু যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে যমুনা সেতু পূর্ব সারতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রডের নিচে চাপা পড়া অবস্থা থেকে হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।