
ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহার এ প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
মো. আবদুস সালাম বলেন, ‘জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।’
জাতীয় ঈদগাহে প্রধান জামাতের বিষয়ে ডিএসসিসির প্রশাসক বলেন, ‘জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কূটনীতিকসহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।’
তিনি আরও জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করবেন। ভিআইপি পুরুষদের জন্য ২৫০টি এবং নারীদের জন্য ৮০টি নামাজ আদায়ের স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ পুরুষদের জন্য ৩১ হাজার এবং নারীদের জন্য ৩ হাজার ৫০০টি নামাজ আদায়ের স্থান থাকবে। জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য ৪টি এবং বহির্গমনের জন্য ৭টি গেট রাখা হবে।’
এছাড়া কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে মো. আবদুস সালাম বলেন, ‘ঈদের প্রথম দিন ৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির কোরবানিসহ সব বর্জ্য অপসারণ করা হবে।’