
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম || ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, ‘জঙ্গল সলিমপুরে কোনোভাবেই রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করবে।’
সোমবার (২৫ মে) তিনি এসব কথা বলেন। রোববার মধ্যরাতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে সন্ত্রাসীদের হামলার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল যেন আমরা এখানে স্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করতে না পারি। একই সঙ্গে আমাদের ফোর্সকে বিচ্ছিন্ন করে রাখারও চেষ্টা করেছে তারা।’
তিনি জানান, হামলার সময় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। পাল্টা প্রতিরোধে পুলিশ সদস্যরা শর্টগান, চাইনিজ রাইফেল ও গ্যাস গান ব্যবহার করেন। পুরো ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১০৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সদস্যরা শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। এজন্য সন্ত্রাসীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি।’
উল্লেখ্য, জঙ্গল সলিমপুরে গভীর রাতে র্যাব ও পুলিশের যৌথ বাহিনীর ক্যাম্পে হামলায় অংশ নেন দুইশ থেকে তিনশ সশস্ত্র ব্যক্তি। এ সময় এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে নির্মাণাধীন নতুন একটি অস্থায়ী ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াত ঠেকাতে রাস্তার কয়েকটি অংশ কেটে দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, হামলায় একে-৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।