
সাবেক টেস্ট অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিন খেলোয়াড়, কোচ ও নির্বাচকের দায়িত্ব পালনের পর এবার পরিচালক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দেশের সাবেক টেস্ট অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। আসন্ন বিসিবি নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। তবে ভোটের আগেই অনেকটা চূড়ান্ত হয়ে গেছে পরিচালনা পর্ষদের চিত্র। সোমবার (২৫ মে) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী সরে দাঁড়ানোর পর আটজন পরিচালক বিনা ভোটেই নির্বাচিত হন।
বিসিবির নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, ক্যাটেগরি-১ থেকে এখন শুধু খুলনা ও বরিশাল বিভাগে ভোট হবে। আর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে। সেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়বেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটেগরিতে নির্বাচন করছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রাম বিভাগ থেকে প্রার্থী শরীফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মিনহাজুল আবেদিন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী।
এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীনও বিনা ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন।
ক্যাটেগরি-৩ থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর। এর আগে তিনি ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হয়েছিলেন এবং সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের প্রথম বোর্ডেও দায়িত্ব পালন করেন।
এখন শুধু খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ বাকি রয়েছে। খুলনায় দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ সালাম। আর বরিশালে এক পদের জন্য লড়বেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।