
ছবি: সংগৃহীত
মালদ্বীপে অবস্থানরত গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী কামাল হোসেনের (৪২) পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাইকমিশন। মানবিক সহায়তার অংশ হিসেবে উন্নত চিকিৎসা ও পারিবারিক সেবাযত্নের লক্ষ্যে তাঁকে দেশে ফেরাতে বিমান টিকিট (এয়ার টিকিট) তুলে দিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
হাইকমিশন সূত্রে জানা গেছে, হস্তান্তর করা এই বিমান টিকিটটি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল হতে প্রদান করা হয়েছে। অসুস্থ কর্মী কামাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ গুরুতর হৃদরোগজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মালদ্বীপে তাঁর শারীরিক অবস্থার অবণতি হওয়ায় দ্রুত দেশে ফিরে চিকিৎসা নেওয়ার জন্য এই সহায়তার হাত বাড়িয়ে দেয় দূতাবাস।
টিকিট হস্তান্তরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সমস্যায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে। আমরা অত্যন্ত আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাব।”
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের সার্বিক মঙ্গল, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হাইকমিশন যথাযথ ও কার্যকরভাবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিশেষ করে প্রবাসীদের স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি, শ্রমকল্যাণ, মানবিক সহায়তা এবং অন্যান্য সমস্যা-সংশ্লিষ্ট বিষয়গুলো দূতাবাস প্রতিনিয়ত নিবিড়ভাবে তদারকি করছে।
টিকিট হস্তান্তর অনুষ্ঠানে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।