
ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সোমবার ভারতের রাষ্ট্রীয় সম্মান পাদ্ম পুরস্কার ২০২৬ প্রদান করেন। যেখানে মোট ১৩১ জনকে বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত করা হয়। এর মধ্যে ছিলেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র, যিনি ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সম্মান মরণোত্তর পদ্ম বিভূষণ পান।
তার পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী অভিনেত্রী ও রাজনীতিক হেমা মালিনী।
এ নিয়ে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা দেওল সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দেন। ইনস্টাগ্রামে তিনি মায়ের পুরস্কার গ্রহণের ছবি শেয়ার করে লেখেন, তার বাবা যদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন! সাদা শার্ট ও নীল স্যুট পরে আগের মতোই উচ্ছ্বাস নিয়ে পুরস্কার গ্রহণ করতেন। তিনি আরও লেখেন, পরিবারের পক্ষ থেকে তার মা যখন সম্মান গ্রহণ করেন, তখন ছোট মেয়ে অহানা উপস্থিত থেকে আবেগে কেঁদে ওঠেন।
হেমা মালিনী অনুষ্ঠানের আগে জানিয়েছিলেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আবেগপূর্ণ একটি মুহূর্ত। তিনি বলেন, এশা অনুষ্ঠানে আসতে চাইলেও পারেননি, তবে পুরো পরিবারই এই সম্মানে গর্বিত।
ধর্মেন্দ্র, যিনি বলিউডের ‘হি-ম্যান’ নামে পরিচিত, ছয় দশকের বেশি সময় ধরে ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। কিছুদিন আগে মারা যান এই অভিনেতা। তার শেষ ছবি ‘ইক্কিস’ তার মৃত্যুর পর মুক্তি পায়।