
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে ৪৬৭ শিশু উপসর্গ নিয়ে এবং ৮৮ শিশু নিশ্চিত হামে মারা গেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, একই সময়ে নতুন করে ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয় গত ১৫ মার্চ। এরপর গত ৭২ দিনে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের শরীরে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০ জন।