
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক জোট গঠনের জন্য একসময় নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে অনুরোধ করেছিলেন এবং পা ধরতে বাকি রেখেছিলেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, ওই সময় সেখানে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তাকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর আপত্তিকর মন্তব্যের জবাব দিতেই তিনি ফেসবুকে এসব অভিযোগ তোলেন।
পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করলেও পরে এনসিপি সেই দলটির কাছেই “বিক্রি হয়ে গেছে”। তিনি দাবি করেন, আদর্শচ্যুত রাজনীতির কারণেই শুরু থেকেই এনসিপির সঙ্গে জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ২০২২ সাল থেকেই গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটে ছিল এবং তিনি এমন কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে যাননি, যাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করা হয়। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও কটাক্ষ করেন তিনি।
এছাড়া পাটওয়ারীর ব্যক্তিগত জীবন নিয়েও গুরুতর অভিযোগ আনেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, এনসিপির এই নেতা নিয়মিত মাদক সেবন করেন। তবে এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।