
ফাইল ছবি
জাতীয় সংসদে সরকারি দল বাজেট উপস্থাপন করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে—এটিই গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক নিয়ম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় জনগণের জন্য স্বস্তিদায়ক ও কল্যাণমুখী বাজেট উপহার দেওয়া সম্ভব।
মঙ্গলবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার বলেন, সংসদে বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়া হবে। একই সঙ্গে বিরোধী দল যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, সে জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
স্পিকার আরও বলেন, বিগত সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব লক্ষ্য করা গেছে। আগামী দিনেও এই পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, দেশের বৃহত্তর স্বার্থে উভয় পক্ষ একসঙ্গে কাজ করলে জনবান্ধব ও কার্যকর বাজেট প্রণয়ন সম্ভব হবে।
সংসদের সার্বিক কার্যক্রম নিয়েও সন্তোষ প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, বর্তমান সংসদ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও সংসদ সদস্যরা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।