
২৯ মে সন্ধ্যায় ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত `বাংলা সাহিত্য উৎসব ২০২৬’—যেখানে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য সম্মিলন ঘটবে দুই দিনব্যাপী নানা আয়োজনে। সাহিত্যপ্রেমী, লেখক, কবি, শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে উৎসবটি পরিণত হতে যাচ্ছে প্রবাসে বাংলা সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায়।
‘কবিতার সাথে’ নামে একটি সাংস্কৃতিক উদ্যোগ এই আয়োজনের কেন্দ্রে। ‘মননে-কলমে-কণ্ঠে’ এই স্লোগান যার প্রতিপাদ্য। আগামী ২৯ ও ৩০ মে শুক্র ও শনিবার এই সাহিত্য আয়োজন ঘিরে মুখর থাকবে আলেক্সান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলোজি ক্যাম্পাস প্রাঙ্গণ। যা ২৮০০ আইজেনহাওয়ার এভিনিউতে অবস্থিত।
২৯ মে সন্ধ্যায় ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা। কেবল আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আয়োজিত এই সন্ধ্যায় থাকবে অতিথি পরিচিতি। এছাড়াও আলোকচিত্রভিত্তিক ভিজ্যুয়াল স্টোরিটেলিং, প্রবন্ধ উপস্থাপন এবং কবিতা আবৃত্তিসহ উপস্থাপনায় সাহিত্যঘন এক পরিবেশ জমে উঠবে মূল অনুষ্ঠানের আগের রাতেই।
পরদিন ৩০ মে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মূল সাহিত্য উৎসব। যা থাকবে সাধারণের জন্য উন্মুক্ত। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর প্রদীপ প্রজ্জ্বলন, ফিতা কাটা এবং অতিথি বরণের বর্ণীল আয়োজন মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। উদ্বোধন করবেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। অংশ নেবেন কবিতা দিলাওয়ার, আনোয়ার ইকবাল, তারফিয়া ফয়জল্লুাহ, আশরাফ কায়সার, আবুবকর হানিপ, সাদ্দাম আজলান সেলিম, রোকেয়া সুলতানা, আনিস খান, ড. আব্দুন নূরসহ শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের বহু পরিচিত মুখ।
উৎসবজুড়ে থাকবে আলোচনা, কবিতা, নাটক, সংগীত, নৃত্য এবং নতুন বই নিয়ে প্রাণবন্ত আড্ডা। ‘আবহমান এই বাংলায়’ শীর্ষক গীতি আলেখ্য পরিবেশন করবে ইছামতি। ‘বাংলার বাইরে বাংলা সাহিত্য’ শীর্ষক আলোচনায় উঠে আসবে প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের বিস্তার, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা। থাকবে বিজ্ঞান ও কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ আলোচনা।
সাহিত্য উৎসবের অন্যতম আকর্ষণ হবে নতুন বইয়ের আলোচনা পর্ব। এটি হবে লেখকের সাথে তারই সৃষ্ট একটি সাহিত্য কর্ম নিয়ে আলোচক কিংবা সমালোচকের কথপোকথন। ধারণা করা হচ্ছে উভয়ের প্রাণবন্ত অংশগ্রহণে এর মধ্য দিয়ে জমে উঠবে সাহিত্যাঙ্গন।
পাঠক-লেখক সংলাপ, প্রকাশনা জগতের বাস্তবতা এবং সাহিত্যচর্চার সমকালীন প্রবণতা নিয়ে অনুষ্ঠিত হবে “লেখকের প্রশ্ন, প্রকাশকের উত্তর” শীর্ষক বিশেষ আয়োজন।
এছাড়া ‘বৈজ্ঞানিক কল্পকাহিনী ও বর্তমান সাহিত্য’, ‘সাহিত্য ও সাংবাদিকতা’, ‘কবি ও কবিতা’, ‘আবৃত্তি ও আবৃত্তির কথা’সহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও পরিবেশনা উৎসবকে বহুমাত্রিক করে তুলবে। আবৃত্তি থাকবে সমস্বর’র। সন্ধ্যার দিকে থাকবে গান, শ্রুতি নাটক ‘রক্তকরবী’, এবং পাঠকদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। তিনি উত্তর দেবেন আয়োজনের প্রধান সংগঠক কবিতা দিলাওয়ারের নানা প্রশ্নের। লেখকের সাহিত্যকর্মের চুলচেরা বিশ্লেষণ হবে সে পর্বে।
আর ‘নক্ষত্র ফুল’ নামে অনামিকা নেওয়াজের কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচনও করা হবে আয়োজনের এক ফাঁকে। বাংলা সাহিত্য উৎসব ২০২৬ কে উপলক্ষ করেই প্রকাশিত হয়েছে এই বই।
অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দর্শকের কাছে ধরা দেবে শনিবার রাতে স্বনামধন্য সঙ্গীত শিল্পী অদিতি মহসিনের কণ্ঠে সুরের মুর্ছণা। সে গান শোনার জন্য রাত নামা অবধি অপেক্ষা করতে হলেও দিনব্যাপী আয়োজনে থাকবে সৃষ্টি নৃত্যাঙ্গনের নাচ, সংগীত আয়োজনে শোনা যাবে মাহদিয়া ইশাল, শেখ মওলা মিলন, ক্লিমেন্ট স্বপন গোমেজসহ আরও অনেকের গান।
এভাবেই কবিতা, সংগীত, নাটক ও সাহিত্যের সম্মিলিত পরিবেশনা উৎসবকে পরিণত করবে এক বর্ণিল সাংস্কৃতিক অভিজ্ঞতায়।
আয়োজকরা জানান, বাংলা সাহিত্য উৎসব ২০২৬ শুধু একটি সাহিত্য অনুষ্ঠান নয়; এটি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, শেকড়ের প্রতি টান এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের সঙ্গে যুক্ত করার এক আন্তরিক উদ্যোগ। সাহিত্য, সৃজনশীলতা ও মানবিক চেতনার এই মিলনমেলায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষকে।