
ফাইল ছবি
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র্যাংকিংয়ে বড় সুখবর পেয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—তিন বিভাগেই উল্লেখযোগ্যভাবে এগিয়েছেন টাইগার তারকারা। একই সঙ্গে এই সিরিজ জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চার ইনিংসে ২৫৯ রান করা ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন।
মুশফিকের পাশাপাশি ব্যাটিংয়ে বড় ধরনের লাফ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাসও। সিরিজে ২৩৯ রান করা এই ডানহাতি স্টাইলিশ ব্যাটার ১৪ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৪ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও দারুণ খবর এসেছে বাংলাদেশ শিবিরে। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে আইসিসি বোলারদের তালিকায় ১১ নম্বরে উঠে গেছেন। সেই সঙ্গে তিনি নিজের ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন।
এদিকে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। তবে বোলারদের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন তরুণ গতি তারকা নাহিদ রানা। পাকিস্তানের ব্যাটারদের গতিতে কাঁপানো এই পেসার এক লাফে ১০ ধাপ এগিয়ে এখন ৫৪ নম্বরে অবস্থান করছেন।
শুধু বোলিংয়েই নয়, অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি ধরে রেখেছেন তাইজুল ইসলাম। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি তিন ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসি র্যাঙ্কিংয়ে লাভবান হয়েছেন পাকিস্তানের খুররম শাহজাদ। ২০২৫ সালের শুরু থেকে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলা এই পাকিস্তানি পেসার বোলারদের তালিকায় ৪৯তম স্থানে ফিরে এসেছেন।