
ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব আর দর্শকদের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে ঢাকাই সিনেমার বাজার। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের পাশাপাশি ভর করেছে এক বড় শঙ্কা। প্রেক্ষাগৃহের তুলনায় এবার সিনেমার সংখ্যা অনেক বেশি হওয়ায় অধিকাংশ সিনেমাই বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র ব্যবসায়ীরা।
চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানিয়েছে, এবারের ঈদুল আজহায় সবমিলিয়ে দেশের প্রায় দেড়শোর কাছাকাছি প্রেক্ষাগৃহে মোট ৯টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই তালিকায় রয়েছে— রকস্টার, মাসুদ রানা, রইদ, মালিক, বনলতা সেন, পিনিক, তছনছ, অফিসার এবং দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল।
একসঙ্গে এতগুলো ছবি মুক্তি পাওয়াকে চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক মনে করছেন না প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি মনে করেন, ঈদকে কেন্দ্র করে সব সিনেমা একসঙ্গে মুক্তি দেওয়ার এই যে প্রবণতা, তা দীর্ঘমেয়াদে প্রযোজকদের বড় ধরনের আর্থিক লোকসান ও ঝুঁকির কারণ হতে পারে।
একই সুর শোনা গেল স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদের কণ্ঠেও। তিনি বলেন, এতগুলো সিনেমা একসঙ্গে আসা মোটেও ঠিক নয়। সারাবছর আমরা ভালো ছবি পাই না, অথচ ঈদ এলেই মুক্তির হুড়োহুড়ি লেগে যায়। আমরা সর্বোচ্চ সংখ্যক সিনেমা চালানোর চেষ্টা করব, তবে শেষ পর্যন্ত দর্শক যেসব সিনেমা বেশি পছন্দ করবে সেগুলোই দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে টিকে থাকবে।
ঈদের আলোচিত ৯ সিনেমার হালচাল:
রকস্টার: এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত ‘রকস্টার’। নতুন নির্মাতা আজমান রুশোর পরিচালনায় এই সিনেমায় শাকিব খানকে একদম নতুন লুকে দেখা গেছে। ইতোমধ্যে সিনেমাটির ‘পিরিতি’ ও ‘আমাকে ভাসিয়ে দাও’ গান এবং দুটি টিজার প্রকাশ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে। দ্বিতীয় টিজারে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়া এই ছবিটি প্রায় একশোর কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
মাসুদ রানা: সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই থ্রিলার বইয়ের পাতা থেকে রূপালী পর্দায় আসছে ‘মাসুদ রানা’। সৈকত নাসির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম ও জাজের এই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। সিনেমাটিতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি। ছবিটির ট্রেলার ও ‘মাসুদ রানা গান রিলোড’ শিরোনামের টিজার ইতোমধ্যে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করেছে।
রইদ: ‘হাওয়া’ খ্যাত জনপ্রিয় পরিচালক মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় নির্মাণ ‘রইদ’। একজন সাধু ও তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি এই সিনেমার ট্রেলার এবং ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি’ ও ‘রহে না’ গান তিনটি দারুণ প্রশংসিত হয়েছে। নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ অভিনীত এই সিনেমাটি বর্তমানে বিভিন্ন কনসার্ট ও প্রচারণার মাধ্যমে আলোচনা ধরে রেখেছে।
মালিক: আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির গ্যাংস্টার ঘরানার ছবি ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াইয়ে একজন সাধারণ মানুষের অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাটির ট্রেলার ও অ্যাকশন-রোমান্টিক ঘরানার দুটি পোস্টার বেশ আলোচনা তৈরি করেছে।
বনলতা সেন: কবি জীবনানন্দ দাশকে নিয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই বাস্তব ও রূপকের মিশ্রণের সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং কবির চরিত্রে আছেন খায়রুল বাসার। সিনেমাটির টিজার, ট্রেলার এবং ‘এখানে কেউ নেই’ গানটি ইতোমধ্যে দর্শকের পছন্দ তালিকায় জায়গা করে নিয়েছে।
দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল: দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি ও তরুণদের বাস্তব জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’। দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক তরুণ অভিনীত এই সিনেমাটি ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি এবং হীরালাল সেন পদক জয় করেছে। সিনেমার নির্মাতা আকাশ হক জানান, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন ঈদে মুক্তির, তবে শেষ পর্যন্ত সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহে এটি প্রেক্ষাগৃহে আসবে।
পিনিক: জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলী ও আদর আজাদ। এর আগেও কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত এই ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। তবে কতটি হলে এটি মুক্তি পাচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তছনছ ও অফিসার: এই দুটি সিনেমাই পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এর মধ্যে মুন্না খান ও ববি অভিনীত ‘তছনছ’ সিনেমাটি ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অন্যদিকে ডিএ তায়েব ও মাহিয়া মাহি অভিনীত ‘অফিসার’ সিনেমাটি কতটি প্রেক্ষাগৃহে আসছে, তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।