
সংগৃহীত ছবি
২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তিনি ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে নিহতদের স্মরণ করেন।
প্রথমে তারা নৌবাহিনীর সাবেক প্রধান এবং জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তারা নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। পরে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭৪ জনে। নিহতদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।