সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার দিনে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে। নামাজ শেষে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের অধিকার নিশ্চিত করে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি কোনো হত্যার বিষয় নয়, বরং মানুষের ভেতরের লোভ, হিংসা ও কলুষতা দূর করার শিক্ষা দেয়। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে বলেন, “ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।”
ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।