
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শুভেচ্ছাবার্তায় তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, নরেন্দ্র মোদি তার বার্তায় বাংলাদেশের জনগণকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য প্রতীক।
মোদি বলেন, ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঈদুল আজহা দেশটির কোটি কোটি মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে থাকেন। এই উৎসবের শিক্ষা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। তিনি বিভিন্ন খাতে জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।