
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি জানান, বর্তমান সরকার দেশকে আরও উন্নত ও স্থিতিশীল অবস্থানে নিতে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার শৈশব ও জীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জীবনের বড় একটি অংশের স্মৃতি ঢাকা সেনানিবাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।
প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপন ও সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায় শেষে উপস্থিত সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।