
ইনজুরির কারণে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে দলে পাচ্ছে না ডাচরা
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। কোচ রোনাল্ড কোম্যানের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেমফিস ডিপে। তবে চমক হিসেবে বাদ পড়েছেন লিভারপুলের উইং-ব্যাক জেরেমি ফ্রিমপং।
জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ডিপে বর্তমানে ৫৫টি আন্তর্জাতিক গোলের মালিক। যদিও ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে মাঠে ফিরলেও পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়া নিয়ে ছিল সংশয়। তারপরও অভিজ্ঞতার মূল্যায়ন করে তাকে দলে রেখেছেন কোম্যান।
ডিপেকে নিয়ে কোচ বলেন, “সে যদি শারীরিকভাবে প্রস্তুত থাকে, তাহলে তার মতো মানের একজন খেলোয়াড়কে দলে না নেওয়ার কোনো কারণ নেই।”
অন্যদিকে ক্লাব পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ফ্রিমপংয়ের। লিভারপুলের হয়ে মৌসুমের প্রথম ভাগে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি।
ইনজুরির কারণে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে দলে পাচ্ছে না ডাচরা। টটেনহ্যামের জাভি সিমন্স, ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাথিস ডি লিট এবং ইন্টার মিলানের স্টেফান ডি ভ্রিজ ছিটকে গেছেন চোটের কারণে।
অধিনায়ক ভার্জিল ফন ডিকের নেতৃত্বাধীন এই দলে প্রিমিয়ার লিগ থেকে রয়েছেন মোট ১৫ জন ফুটবলার। লিভারপুলের কোডি গাকপো ও রায়ান গ্রাভেনবাখও আছেন স্কোয়াডে। এছাড়া ব্রাইটনের তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।
বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিশিয়া।
নেদারল্যান্ডস স্কোয়াড:
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রোফেস, বার্ট ভারব্রাগেন।
ডিফেন্ডার: নাথান আকে, ভার্জিল ফন ডিক, ডেনজেল ডামফ্রাইস, ইয়ান পল ফন হিকে, জুরিয়েন টিম্বার, জোরেল হাতো, মিকি ফন ডি ভেন।
মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবাখ, ফ্রেংকি ডি ইয়ং, জাস্টিন ক্লুইভার্ট, টেউন কুপমেইনার্স, তিজানি রেইনডার্স, মার্টিন ডি রুন, গাস টিল, কুইনটেন টিম্বার, ম্যাটস উইফার।
ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপে, কোডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেন্সিও সামারভিল, ওউট ভেগহর্স্ট।