
নিহত সাখাওয়াত হোসেন সাজু/ছবি- সংগৃহীত
ওমানের কালহাত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন সাজু (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু তৌহিদ। শুক্রবার (২৯ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা। তিনি আবদুল হাই ও নূর জাহান দম্পতির সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। পরিবারে দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাজু দীর্ঘ পাঁচ বছর ধরে ওমানের সুর অঞ্চলের একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। গত বছর দেশে এসে বিয়ে করে আবার কর্মস্থলে ফিরে যান। সম্প্রতি তিনি প্রথমবার বাবা হওয়ার খবর পেলেও সন্তানের মুখ আর দেখা হলো না তার।
ঈদ উপলক্ষে বন্ধু তৌহিদকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন সাজু। পথে কালহাত এলাকায় তাদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাজু। আহত তৌহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সাজুর মরদেহ ওমান পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।
নিহতের বড় ভাই আহসান বলেন, “দুর্ঘটনার পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। আমরা দ্রুত ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাই।”
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, প্রবাসী এই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে আনা এবং পরিবারের প্রয়োজনীয় সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।