
ফাইল ছবি
আজ দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ধেয়ে আসতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
আজ শনিবার (৩০ মে) ভোর ৫টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট এই ৫টি অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় যা বলা হয়েছে “এই পাঁচ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।”
এই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব রুটে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।