
নিহত মাহাদি রাজ শুভ। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) তার সহকর্মী ও সৌদি প্রবাসী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহাদি রাজ শুভ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রবাসী মোহাম্মদ দুলালের ছেলে। দেশে থাকাকালে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চর মার্টিন ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সহকর্মীদের বরাতে জানা গেছে, কয়েকদিন ধরে মাহাদি মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে তিনি ফুড ডেলিভারির কাজে বের হন। তবে সারাদিন পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে রাতে সৌদি পুলিশ সহকর্মীদের জানায়, রিয়াদের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাদি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে যান মাহাদি। তার বাবা মোহাম্মদ দুলালও বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। দেশে তার মা ও এক বোন রয়েছেন।
মাহাদির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।