
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই অবরোধ আরোপ করেছিল।
পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার জন্য কয়েকটি শর্তও তুলে ধরেন ট্রাম্প। তার মতে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়াই উভয় দিক থেকে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালিতে যদি কোনো মাইন পাতা থাকে, তবে তা দ্রুত অপসারণ করতে হবে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে সেখানে থাকা অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ শিগগিরই প্রত্যাহার করা হবে। ফলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে যাত্রা অব্যাহত রাখতে পারবে।
এ ছাড়া ট্রাম্প দাবি করেন, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় উদ্ধার ও ধ্বংস করা হবে।
সূত্র: ডয়চে ভ্যালে