কিছু মানুষের জীবনযুদ্ধ সমাজের অন্ধকার দূর করে এক নতুন ভোরের জন্ম দেয়। তেমনই এক আলোর দিশারী মায়ের নাম শাহানাজ পারভীন চৌধুরী, যিনি নিজের মাতৃত্বের ক্ষতকে রূপান্তর করেছেন শত শত শিশুর আশার আলোয়। তাঁর কোল আলো করে আসা ফুটফুটে ছেলেটি যখন ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়, তখন শুরু হয় এক মায়ের অন্যরকম লড়াই। বড় হতে থাকা ছেলেকে আর দশটা স্বাভাবিক শিশুর মতো একটি সুন্দর ভবিষ্যৎ দিতে যখন তিনি বিভিন্ন স্কুলে ভর্তির জন্য গিয়েছিলেন, তখন চারপাশ থেকে ধেয়ে এসেছিল কেবলই অবহেলা আর প্রত্যাখ্যান। কোনো স্কুল তাঁকে ভর্তি নিতে চায়নি, আবার কোথাও নিতে চাইলেও অন্য সাধারণ বাচ্চাদের বাবা-মায়েরা বিষয়টি মোটেও ভালোভাবে নেননি। এক বুক অভিমান আর কষ্ট নিয়ে সেই দিন শাহানাজ পারভীন চৌধুরী দমে যাননি; বরং সমাজের সেই অবহেলার জবাব দিতে নিজের ছেলের জন্যই প্রতিষ্ঠা করে ফেললেন ‘ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ’।