
জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল নিয়ে বিতর্কের জেরে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চিড়িয়াখানার তথ্যফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে বিষয়টি উচ্চপর্যায় পর্যন্ত গড়ালে প্রশাসনিক সিদ্ধান্তে কিউরেটরকে বদলি করা হয়। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এলভিডিডি রিভাইভড প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঈদুল আজহার সময় আলোচনায় আসা বিরল অ্যালবিনো মহিষটি কোরবানির হাটে ব্যাপক সাড়া ফেলার পর সরকার সেটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। তবে প্রদর্শনী বোর্ডে নামের ভুল বানান প্রকাশ্যে আসার পর শুরু হয় হাস্যরস, ট্রল ও সমালোচনা।
পরে কর্তৃপক্ষ নামফলক পরিবর্তন করে ‘সাদা মহিষ’ নাম ব্যবহার করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিকভাবে আলোচিত প্রাণীর নাম ভুলভাবে উপস্থাপন করায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আর সেই বিতর্কই এই প্রশাসনিক রদবদলের মূল কারণ।