
ডি কে শিবকুমার
কর্ণাটক কংগ্রেস বিধায়ক দল (সিএলপি) শনিবার সর্বসম্মতিক্রমে ডি কে শিবকুমারকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হলো। আগামী ৩ জুন তিনি শপথ নেবেন বলে জানা গেছে।
বেঙ্গালুরুর বিধান সৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নতুন নেতা নির্বাচনের দায়িত্ব অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
পরে সিদ্দারামাইয়াই ডি কে শিবকুমারের নাম প্রস্তাব করেন এবং জি পরমেশ্বর তা সমর্থন করেন। উপস্থিত বিধায়কেরা সর্বসম্মতিক্রমে শিবকুমারকে নেতা হিসেবে অনুমোদন দেন।
ডি কে শিবকুমার কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই থেকে শুরু করে যুব কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন স্তর পেরিয়ে অবশেষে তার স্বপ্ন পূরণ করেছেন।
গত ২৮ মে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কংগ্রেস নেতৃত্বের পরামর্শে স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। পরদিন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।
এদিকে সরকার গঠনের দাবি জানাতে শিগগিরই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন ডি কে শিবকুমার।