
প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রবাসীরা সরাসরি বিভিন্ন সরকারি সেবা ও আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মে) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যক্তিগত সফরে এসে ঈদুল আজহার কুশল বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই ঘোষণা দেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই সফলভাবে ‘কৃষি কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। সরকারের সেই গণমুখী ও সেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই এবার প্রবাসীদের কল্যাণে বিশেষ এই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, স্বল্পমেয়াদি আধুনিক প্রশিক্ষণ কোর্স চালু এবং বিদেশি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু কুলাউড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে মন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী কুলাউড়ার চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে এ বছরের মধ্যেই এসব কাজ বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি।
কুলাউড়াকে সিলেট বিভাগের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী তাঁর ব্যক্তিগত আবেগের কথা স্মরণ করেন। তিনি বলেন, কুলাউড়ার সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। এই কুলাউড়াতে আমার বাবার নানাবাড়ি। সেই সূত্রে কুলাউড়ার প্রতি আমার আবেগ ও টান দীর্ঘদিনের। তাই এখানকার উন্নয়নে সংসদ সদস্য শওকতুল ইসলামকে সার্বিক সহযোগিতা করে যাব।
সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকুর বাসভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, বিএনপি নেতা আজিজুর রহমান মনির, বদরুল হোসেন খান, আব্দুল মন্নান, আব্দুল মুক্তাদির মনু, সুফিয়ান আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।