
ফাইল ছবি
হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানিয়েছে, প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা পুরোপুরি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার (৩০ মে) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট মেনে চলতে হবে। এছাড়া যাত্রার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
ইরান সতর্ক করে বলেছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে।
একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, প্রণালির ব্যবস্থাপনা বা সামুদ্রিক চলাচলে কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।