
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে। গত তিন দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে মোট ২৮ হাজার টনেরও বেশি কোরবানির বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো কোরবানির বর্জ্য সংগ্রহের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এই বর্জ্য অপসারণের বিষয়টি জানা গেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে শনিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে সফলভাবে ডাম্পিং করা হয়েছে। এর মধ্যে শনিবার অর্থাৎ ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য ল্যান্ডফিলে নেওয়া হয়।
এর আগে, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রেকর্ড পরিমাণ ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছিল। পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ ঈদের পরের দিন শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ করা হয়।
সবমিলিয়ে তিন দিনের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় এখন পর্যন্ত সর্বমোট ২৮ হাজার ৪২৮ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা সম্ভব হয়েছে। রাজধানীকে দ্রুত পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করতে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।