
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে উদযাপন ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে হাজারো সমর্থক রাস্তায় নেমে উদযাপন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও অনেক জায়গায় সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে বাস, ট্রেন ও রেল চলাচলেও বিঘ্ন ঘটে।
পুলিশ জানায়, কিছু উচ্ছৃঙ্খল সমর্থক আতশবাজি ও ফ্লেয়ার ছুড়তে থাকে। কোথাও কোথাও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয় এবং দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে।
প্যারিসের বিখ্যাত শঁজেলিজে সড়কে ম্যাচ জয়ের পরপরই সমর্থকদের ঢল নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আগুন, ভাঙচুর ও বিশৃঙ্খলার নানা দৃশ্য দেখা গেছে।
ম্যাচের আগে পিএসজির মাঠ পার্ক দে প্রাঁসে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া সমর্থকদের সঙ্গেও পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত ৪১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্যারিস থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে। সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ ধরনের সহিংস ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তবে তিনি জানান, গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল।
এদিকে, রোববার বিকেলে পিএসজির খেলোয়াড়দের জন্য বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা আইফেল টাওয়ারের পাশের শঁ দ্য মার্স এলাকায় সমর্থকদের সঙ্গে উদযাপনে অংশ নেবেন। এছাড়া তাদের সম্মানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ একটি সংবর্ধনার আয়োজন করেছেন।