
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আয়োজনে তিনি এ কথা বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মী ও দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। রোববার (৩১ মে) বিকেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, “জিয়াউর রহমানের নামে একসময় বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে।” তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ জিয়া যেভাবে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, বর্তমান সরকারও ঠিক সেই ধারা বজায় রেখে দেশ পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
দলের অবস্থান ও দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়ে যদি আমরা সজাগ ও সতর্ক না থাকি, তবে দেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে।”
ইশতেহার ও রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে জোর দিয়ে সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, সরকার গঠনের পর এখন সেই ইশতেহারে থাকা দেশের ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। শহীদ জিয়ার উন্নয়ন দর্শন স্মরণ করে তিনি বলেন, “খাল খনন, শিক্ষা ও শিল্পের বিপ্লব আমাদের ইশতেহারে ছিল এবং আমরা এখন সেই কাজগুলোই করছি। জিয়াউর রহমান যেভাবে প্রতিটি খাতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা এবং দূরদর্শী পরিকল্পনা অনুসরণ করেই বর্তমানে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।”
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আরও বলেন, সঠিক ও জনকল্যাণমুখী কাজগুলোতে যথাযথ সহযোগিতা করলেই সরকার সফল হবে। শুধু সরকারের ওপর মহলে কাজ করলেই হবে না; বরং তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্যগুলো সফল করতে হবে, যাতে জনগণের চোখে এটি একটি সফল সরকার হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে।