
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব মন্ত্রীদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাহের বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। তার দাবি, সংসদে তিনি নিয়মিত বক্তব্য রাখার সুযোগ পান, যেখানে অনেক মন্ত্রী তুলনামূলকভাবে কম কথা বলেন।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ভোটের হিসেবে তাদের জোট সরকারি দলের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তার মতে, জনমতের প্রকৃত প্রতিফলন ভোটের মাধ্যমে হয়, আসনের সংখ্যার মাধ্যমে নয়। তিনি দাবি করেন, বর্তমান ভোটের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাময় দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
বিরোধীদলীয় উপনেতা হিসেবে নিজের মর্যাদার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই পদে প্রতিমন্ত্রীর সমান সুবিধা ও রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, সুষ্ঠু ভোট হলে তার মন্ত্রিসভায় আরও উচ্চ পদে থাকার সুযোগ ছিল।
অনুষ্ঠানে বিএনপির সরকার নিয়ে মন্তব্য করতে গিয়ে তাহের বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র তিন মাস হয়েছে এবং ভবিষ্যতে তারা পূর্ণ মেয়াদ টিকতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে তিনি বিএনপি সরকার ক্ষমতায় থাকুক বলেও মন্তব্য করেন।
চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে তাহের কিশোর গ্যাং ও মাদক কারবারকে এলাকার প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি এসব কর্মকাণ্ডে জড়িতদের ছয় মাসের মধ্যে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণকে মাদক ও কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান এবং এ ধরনের অভিযানে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেন।