
ফাইল ছবি
আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টটির নতুন মৌসুমে তাকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস। এর মধ্য দিয়ে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর এলপিএলে দল পাওয়া তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হলেন তিনি।
রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনের অন্তর্ভুক্তির ঘোষণা দেয় গল গ্যালান্টস। এক বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বাংলাদেশের এই তারকা ব্যাটার ২০২৬ মৌসুমে তাদের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত।
তবে লিটনের সঙ্গে চুক্তির আর্থিক মূল্য বা চুক্তির ধরন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি দলটি। ধারণা করা হচ্ছে, ড্রাফটের বাইরে সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে নেওয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালে এলপিএলে অংশ নিয়েছিলেন লিটন। তখন গল টাইটান্সের হয়ে তিন ম্যাচে ৩৪ রান করেছিলেন তিনি। এবার নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি এই ওপেনার।
এদিকে, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ ইতোমধ্যে জাফনা কিংসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফলে এবারের আসরে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে শ্রীলঙ্কার জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে।
এলপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১ জুন। ড্রাফটে আরও প্রায় ৩০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। আগামী ১৭ জুলাই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ জুলাই হওয়ায় লিটন শুরুতে এক বা দুটি ম্যাচ মিস করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।