
ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী গণপরিবহন প্রতিষ্ঠান ‘হানিফ পরিবহন’-এর মালিক মোহাম্মদ কফিল উদ্দিন (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সফল ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি মোহাম্মদ কফিল উদ্দিন ঢাকার সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বেশ কিছুদিন ধরে লিভার সিরোসিস নামক জটিল ও দূরারোগ্য রোগে ভুগছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত মাসে তাঁকে ভারতের হায়দ্রাবাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও আজ তাঁর জীবনাবসান ঘটে।
ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে অত্যন্ত জনপ্রিয় এই ব্যক্তিত্ব মৃত্যুকালে তাঁর স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। হানিফ পরিবহনের এই কর্নধারের আকস্মিক মৃত্যুতে সাভারসহ দেশের পরিবহন খাতে এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর এই চিরবিদায়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-১৯ (সাভার) আসনের বর্তমান সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ ছাড়া স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে সাভারে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।