
ফাইল ছবি
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একদিনেই অন্তত ৪১ জন নিহত এবং আরও ১৪০ জন আহত হয়েছেন। এতে চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সশস্ত্র উত্তেজনার পর থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৪১২ জন নিহত এবং ১০ হাজার ২৬৯ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
গত ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে নবাতিয়াহর উপকণ্ঠে অগ্রসর হয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখলের খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলি বাহিনী বর্তমানে লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই দখলদারিত্ব লেবাননের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিয়ন্ত্রণ বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে সীমান্তবর্তী লিতানি নদীর দক্ষিণ অঞ্চলকে লক্ষ্য করলেও এখন আরও ভেতরে অগ্রসর হয়ে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।